বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক কাউসারসহ নেতাকর্মীরা। মিছিল শেষে এক পথসভায় রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকার বেগম জিয়াকে তার ন্যায়সংগত অধিকার জামিন থেকেই কেবল বঞ্চিত করছে না, বরং শারীরিকভাবে ভীষণ অসুস্থ একজন বয়স্কা নারীকে সুচিকিত্সা থেকেও বঞ্চিত করছে। আমি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই—এখন আর ঘরে বসে থাকলে চলবে না। খালেদা জিয়াকে কারামুক্ত করতে সকল বাধা উপেক্ষা করে এখন রাস্তায় নামতে হবে।’
