টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৫:২১

টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার ভোরে এরশাদনগর চাংকিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সেলিম মিয়া ওরফে কাইল্যা সেলিম (৩৫)।

এলাকাবাসী জানায়, সেলিমের বিরুদ্ধে এরশাদনগরসহ টঙ্গীর বিভিন্ন বাসাবাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে চুরির অভিযোগ রয়েছে। ভোররাত সাড়ে ৩টার দিকে সে চাংকিরটেক এলাকায় গ্রিল কেটে চুরি করতে গেলে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখলে ভোর ৫টার দিকে সে মারা যায়।

নিহতের স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী চোর নয়। তাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমান আলী, জীবন দাসের নেতৃত্বে পরিকল্পিতভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। পিটুনির একপর্যায়ে সে পানি খেতে চাইলে তাকে পানিও দেওয়া হয়নি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/জেডএইচ