বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফেথাই’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:৩৫

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় ‘ফেথাই’ উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর তত্সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে চলাচলে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি গতকাল সোমবার চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও অগ্রসর হয়ে গতকাল বিকালেই কাকিনাদার পাশ দিয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গতকাল সারাদিনই ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানে আকাশ মেঘলা ছিল। ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শীতের প্রকোপ বাড়িয়ে দিয়েছে।