শ্বাসরুদ্ধকর জয়ে এল স্বর্ণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

এসএ গেমস ক্রিকেট

 স্পোর্টস রিপোর্টার

ম্যাচটা শ্রীলঙ্কার মেয়েদের হাতেই ছিল।

শেষ ৩ ওভারে, ১৮ বলে তাদের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান; হাতে ছিল ৫ উইকেট। ১৮তম ওভারটা করতে এসে সালমা একটা উইকেট তুলে নিলেও খরচ করে ফেললেন ৫ রান। পরের ওভারে নাহিদা ৪ রান খরচ করে তুলে নিলেন আরেক উইকেট। ফলে শেষ ওভারে, ৬ বলে শ্রীলঙ্কার দরকার ছিল ৭ রান; হাতে ছিল ৩ উইকেট। এখানেই ভেল্কিটা দেখালেন জাহানারা আলম।

শেষ ওভারের প্রথম ৩ বলে ২ রান এল। চতুর্থ বলে একটা রান হলেও রানআউট হলেন অপসরা। শেষ ২ বলে তখন দরকার ৪ রান। পঞ্চম বলে এল ১ রান। ফলে শেষ বলে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ৩ রান। রান তো হলোই না। উলটো উইকেট তুলে নিলেন জাহানারা। দারুণ এক জয়ের হাসি হাসল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ নারী দল।

ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে এবারের এসএ গেমসে স্বর্ণ জিতল বাংলাদেশ। আগে ব্যাট করা বাংলাদেশ মাত্র ৯১ রান করতে পেরেছিল ৮ উইকেট হারিয়ে। জবাবে ৯ উইকেটে ৮৯ রানে আটকে যায় শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে গিয়ে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্রুত ১৪ রান করে ফিরে আসেন মুর্শিদা। এরপর আয়েসা ও সানজিদা ছোটো একটা জুটি করে এগোনোর চেষ্টা করেন। কিন্তু দুই জন ঠিক দলীয় স্কোর ৩৬ রানে ফিরে আসেন। সানজিদা ১৫ রান করেন। এরপর বাংলাদেশের ইনিংসটা আসলে নিগার সুলতানার একক লড়াই। তিনি এক প্রান্তে ৩৮ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে পরপর তিন ক্রিকেটার ফিরে আসেন এক অঙ্কের স্কোরে। ৮ নম্বরে নামা ফাহিদা খাতুন ১৫ রান করে একটু সঙ্গ দিয়েছিলেন।

শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন থিমাসিনি। এছাড়া রানাতুঙ্গা ৪ ওভারে ৬ রান দিয়ে ১ উইকেট নেন।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর থিলহারিও ফিরে আসেন ৪ রান করে। এখান থেকে শ্রীলঙ্কাকে আবার জয়ের পথে নিয়ে যান অধিনায়ক মাদাভি ও অপসরা। মাদাভি ৩২ রান ও অপসরা ২৫ রান করে আউট হন। আর এখান থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ।

নাহিদা আকতার ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২০ ওভারে ৯১/৮ (নিগার ২৯*, সানজিদা ১৫, ফাহিমা ১৫, মুর্শিদা ১৪; থিমাসিনি ৪/৮)।

শ্রীলঙ্কা : ২০ ওভারে ৮৯/৯ (মাদাভি ৩২, অপসরা ২৫, সানদামিনি ১০; নাহিদা ২/৯, সালমা ১/১২, জাহানারা ১/১৭, খাদিজা ১/২১)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ নারী দল ২ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : নাহিদা আকতার।