বেরোবিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

বেরোবি সংবাদদাতা

ভর্তি পরীক্ষায় উত্থাপিত দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন, তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি নিশ্চিতকরণ এবং ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিতের দাবিতে রবিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ। ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সচেতন শিক্ষকরা।

নীলদলের সাধারণ সম্পাদক আসাদ মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খায়রুল কবীর সুমন, বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মতিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়, নীলদলের সভাপতি ড. নিতাই কুমার ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষিকা ইমরানা বারীর বোন সামাজিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে রেকর্ড পরিমাণ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করলেও অন্য দুই ইউনিটে সর্বনিম্ন নম্বর পেয়ে ফেল করে। ঐ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম বন্ধ রেখে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গত বৃহস্পতিবার লিখিত আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ। এর প্রেক্ষিতে শনিবার ঐ ছাত্রীর ভর্তি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।