পায়রাবন্দে তিন দিনব্যাপী মেলা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

রোকেয়া দিবস আজ

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুরের পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন।

১৮৮০ সালের এই দিনে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতার ভাগলপুরে মৃত্যুবরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়।

আজ সোমবার বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও তিন দিনব্যপী মেলা উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। মঙ্গলবার দ্বিতীয় দিনের আয়োজনে থাকছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। বুধবার শেষ দিনে রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন পদক প্রদান ইত্যাদি। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের উপপরিচালক আবদুল্লাহ আল ফারুক বলেন, এবারও যথাযোগ্য মর্যাদায় সরকারিভাবে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোকেয়া দিবস পালন করা হবে।