চট্টগ্রামে মতবিনিময় সভায়
বিডার চেয়ারম্যান
চট্টগ্রাম অফিস
বিনিয়োগ ও ব্যবসার উন্নয়ন সহায়তা কমিটির উদ্যোগে গতকাল রবিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের ফরেন ইনভেস্টমেন্টের চেয়ে লোকাল ইনভেস্টমেন্ট বেশি হওয়ায় অর্থনৈতিক ভিত্তি মজবুত। তবে লক্ষ্যে পৌঁছাতে হলে ফরেন ইনভেস্টমেন্ট দরকার। তিনি বলেন, বিদেশি বিনিয়োগে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে সমন্বিত ট্যুরিজম খাতের উন্নয়ন করা গেলে দেশের চেহারা পালটে যাবে। বিশ্বের অনেক দেশ এমনটি করেছে। বিদেশিরা নিরাপত্তা ও পলিসি সাপোর্ট চায়।
তিনি আরো বলেন, অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরের বড়ো ভূমিকা রয়েছে। শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরো এগিয়ে আনতে হবে। বন্দরের লিড টাইম কমাতে হবে। ২০২১ সালে পদ্মা সেতু চালু হলে অর্থনীতির অদৃশ্য হাতে মোংলা, পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রম বেড়ে যাবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হলে লিড টাইম অনেক কমে যাবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হার্ডলাইন। সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শঙ্কর রঞ্জন সাহা, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী প্রমুখ।
