মোরেলগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ উপজেলায় তিলোত্তমা ওরফে তমা বাগচী (২৩) নামের এক কলেজছাত্রী গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ১টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ সন্ন্যাসী বাজারের মিজান মার্কেটের ২য় তলার আবাসিক রুম থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

বাগেরহাট পিসি কলেজের বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী তমা বাগেরহাট সদরের খানপুর গ্রামের শিক্ষক তাপস বাগচির মেয়ে ও বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামের সিবানন্দ দাসের ছেলে লিংকন দাসের স্ত্রী ছিলেন। লিংকন দাস এ আর খান ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক। 

চাকরির সুবাদে লিংকন স্ত্রী নিয়ে সন্ন্যাসী বাজারে বাসা ভাড়া করে থাকতেন।

তমার বাবা তাপস বাগচি জানান, তিন বছর আগে লিংকন দাসের সঙ্গে তমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই লিংকন স্ত্রীকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করত। তমাকে ঘরে রেখেই লিংকন তালা দিয়ে বের হতো। তার মতামতকে উপেক্ষা করা হতো বলেও তমা চিরকুটে লিখে গেছে। তাকে আত্মহত্যার প্ররোচনা করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে কলেজছাত্রী গৃহবধূ আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।