g চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল রবিবার নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন। এর আগে চুয়েট রোবোটিকস ল্যাব এবং মোবাইল গেইমস অ্যান্ড অ্যাপস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। এছাড়া তিনি চুয়েট কাউন্সিল কক্ষে ‘সোশ্যাল মিডিয়া প্যারেড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে নতুন-নতুন সমস্যার সমাধান করতে হবে। আমাদের প্রযুক্তিনির্ভর দেশ গড়ার কাজে মনোযোগী হতে হবে। সেক্ষেত্রে চুয়েটের এই মেগা-প্রজেক্ট শেখ কামাল আইটি বিজসেন ইনকিবেশন সেন্টার ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরো সম্মৃদ্ধ করবে।
