স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হাইয়ের (৬৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে কর্মরত ছিলেন। রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শ্যামপুর মৌলভীপাড়ায় তার বাড়ি। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকেই আব্দুল হাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মাথায় জখমের চিহ্ন রয়েছে। শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। মহানগর পুলিশের কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আব্দুল হাই দুটি বিয়ে করেছিলেন। দুই স্ত্রীই বাড়িতে ছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে আব্দুল হাইয়ের মৃত্যু হয়। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় প্রথম স্ত্রীর স্বজনরা মরদেহ দাফনে বাধা দিয়ে পুলিশে খবর দেয়।
