ক্রিকেট ও আর্চারিতে ঝুলি ভরে সোনার পদক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২২:১০

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গতকালকের দিনটি ছিল আরো বেশি উজ্জ্বল। এসএ গেমস হতে আরো সোনার পদক জয়ের খবর এসেছে। নেপাল হতে কাল ৭টি সোনার পদক জয় করেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এর মধ্যে আর্চারিতে এসেছে ছয় আর নারী ক্রিকেটে একটি, একদিনে সাত সোনার পদক জয়। সব মিলিয়ে এখন ১৪টি সোনার পদক বাংলাদেশের ঝুলিতে। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ চারটি সোনার পদক জয় করেছিল। তারও আগে ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত গেমসে বাংলাদেশ ১৮টি সোনার পদক পেয়েছিল। বাংলাদেশের ক্রীড়াবিদ, কর্মকর্তারা স্বপ্ন দেখছেন কিভাবে ১৮ সংখ্যাটা ছোঁয়া যায়। গেমস শেষ হতে এখনও দুই দিন বাকি আছে। ১০ ডিসেম্বর সমাপনী। তার আগে দেখতে হবে আরো চারটি ফাইনাল খেলা সুযোগ হবে কিনা।        তবে এখনও আশা আছে এক দুইটি সোনার পদক আসতে পারে।  ১৯৯৫ সালে মাদ্রাস সাফ গেমসে বাংলাদেশে ৭টি সোনার পদক জয় করেছিল। দেশের বাইরে এবারই প্রথম ১৪টি স্বর্ণ জয় করল বাংলাদেশের ক্রীড়াবিদরা।

আগের ৭টি সোনার পদক জয়ের পর কাল পোখারায় সোনা জয়ের উত্সব গেছে। সেখানেই হয়েছে নারী ক্রিকেট ফাইনাল। বাংলাদেশ (অনূর্ধ্ব-২৩) নারী ক্রিকেট দল দুই রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনার পদক জয় করে। আগে ব্যাট করে বাংলাদেশ ৯১ রান তোলে। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৮৯ রান করে। এবারই প্রথম এসএ গেমসে নারী ক্রিকেট দল অংশগ্রহণ করল। প্রথম অংশগ্রহণেই বাজিমাত করে দিয়েছেন বাংলার নারী ক্রিকেটার অধিনায়ক সালমা খাতুন, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, জাহানারা আলম, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলামরা। ইতিহাস হয়ে থাকলেন সোনার কন্যারা।

পোখারায় ক্রিকেটের সোনা জয়ের দিনে আর্চারিতে টপ ৬টি ইভেন্টে লড়াই করে ৬টিতেই সোনার পদক ঝুলিতে ভরেছেন বাংলার আর্চাররা।  আর্চারিতে সোনার পদক আসবে সেটা আগেই জানা ছিল। কারণ শক্তিশালী ভারত, এই লড়াইয়ে নাম লেখায়নি। যেকারণে বাংলাদেশের আর্চারদের জন্য পথটা মসৃণ ছিল।  তীর ধনুকের লড়াইয়ে বাংলাদেশ দক্ষ। তাই পোখাররা প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বাংলার আর্চারদের নিশানা ভুল হয়নি। ঠান্ডার কারনে দাঁতে কাপুনি আসলেও কাঁপুনি আসেনি ধনুকে। নিশানা ছিল নিখুঁত। ইতি খাতুন, মেহেনাজ মনিরা, বিউটি রায়,শ্যামলী রায়, সুস্মিতা বনিক, সোমা বিশ্বাস, সোহেল রানা, রোমান সানারা সোনার পদক উপহার দিয়েছেন। বলতে দ্বিধা নেই গতকালকের সোনা ঝরা দিনে নারীদের আধিক্যটাই বেশি ছিল।