মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই সরকার উন্নয়নের সরকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রতিটি সেক্টরেই চোখে পড়ার মতো উন্নয়ন কাজ হচ্ছে। তাই দেশের উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শনিবার দুপুরে দৌলতপুরে দুর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, বাচামারা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন। চাবি হস্তান্তর ছাড়াও প্রধান অতিথি দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদ কমপ্লেক্স ও দৌলতপুর উপজেলা ভায়া রামচন্দ্রপুর-সমেতপুর রাস্তার দৌলতপুর পুরাতন ধলেশ্বরী নদীর ওপর পিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
