বেগম রোকেয়ার শিক্ষা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি নারী জোটের

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৮

বাংলার নারী জাগরণের পথিকৃত্ বেগম রোকেয়ার শিক্ষা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পাঠ্যসূচিতে তার শিক্ষা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন জাতীয় নারী জোটের নেতৃবৃন্দ। ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষ্যে জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ কার্যালয়ের শহিদ কর্নেল তাহের মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এই দাবি জানান।

আলোচনার শুরুতে বক্তারা মহীয়সী নারী বেগম রোকেয়ার প্রতি গভীর শুদ্ধা জানান। বক্তারা বলেন, ঘরে-বাইরে যেখানেই নারীর প্রতি যে মাত্রায় সহিংসতার ঘটনা ঘটুক না কেন, তা গোপন করার বদলে প্রকাশ্যে প্রতিবাদ করতে হবে। সহিংসতা-নির্যাতন নীরবে মেনে নেওয়া এবং প্রতিবাদহীনতার কারণেই সমাজে ঘরে-বাইরে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। তারা বলেন, নারীদের নিজ পরিবারের নারী সদস্য, নারী আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, সহপাঠী-সহকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সংঘবদ্ধতা তৈরি করতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর আন্তর্জাতিক শ্রম সম্মেলন-২০১৯ থেকে গৃহীত কনভেনশন ১৯০ অনুসমর্থন ও বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আলোচকেরা।

জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীণার সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কর্মজীবী নারীর পরিচালক রাহেলা রাব্বানী, জাসদের নারীবিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল, জাতীয় নারী জোটের নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, নারী জোটের সদস্য নিলাঞ্জনা রিফাত সুরভী প্রমুখ।