চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য প্রয়াত মইন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খানসহ ১৯ জন। আজ সোমবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় একক প্রার্থী চূড়ান্ত করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৭ নভেম্বর ভোরে ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১ ডিসেম্বর এই আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ডিসেম্বর। নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। বাদলের স্ত্রী ছাড়াও এই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, মো. ইমরান, এ টি এম আলী ইয়াজ খান, এম এম কফিল উদ্দিন, মুজিবুর রহমান, দিলারা ইউসুফ, মো. পারভেজ হাসান মান্নান, বিজয় কুমার চৌধুরী, রাশেক রসুল খান, মো. রাশেদুল হাসান, মো. আইয়ুব খান ও জোবাইরা নার্গিস। ইসির তপশিল ঘোষণার পর ১ ডিসেম্বর সন্ধ্যায় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানায় আওয়ামী লীগ। ৫, ৬ ও ৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ফরম বিক্রি ও জমা নেওয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে।
