বরিশাল হানাদার মুক্ত দিবসে আলোচনা সভা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৪০

বরিশাল হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় মহানগর ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বগুড়া রোডের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, মহানগর কমান্ডার মো. মোখলেছুর রহমান প্রমুখ। সভা শেষে মুক্তিযোদ্ধারা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর হঠাত্ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল বরিশাল ও ঝালকাঠির আকাশ-বাতাস। কারণ ঐদিন পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়েছিল বরিশাল ও ঝালকাঠি শহর।

অপরদিকে বরিশাল মুক্ত দিবসে যে সব বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বরিশাল অঞ্চল পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার সব শহিদের আত্মত্যাগকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।