তালায় পুরাকীর্তির সন্ধান

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:০২

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া ও ডাঙ্গানলতা গ্রামের মধ্যবর্তী মাঠের মধ্যে পুরনো একটি মাটির ঢিবিতে পুরাকীর্তির সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ।

সোমবার (১২ নভেম্বর) সকাল থেকেই পুরাকীর্তির সন্ধানে খনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব বিভাগের দলটি। মাটি খোঁড়ার শুরুতেই একটি ইটের তৈরি দেওয়ালের সন্ধান পাওয়া গেছে।

প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী কাস্টরিয়াম মো. শাহিন আলম জানান, বহু বছরের পুরনো এই মাটির ঢিবিটি ঝুঁড়িঝাড়ার মাঠ নামে এলাকায় পরিচিত। এটি ২০১২ সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় সংরক্ষিত হয়। প্রতি বছর আমরা নিয়মিত কাজের অংশ হিসেবে মাটির নিচে যে সম্পদ থাকে সেগুলো উদ্ধার করি। এ বছর চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় কাজ করছি।

তিনি আরও বলেন, এখানে বহু বছর আগের কোনো পুরাকীর্তি মাটির নিচে চাপা পড়ে আছে। সেটি উদ্ধারের জন্য আমরা কাজ শুরু করেছি। শুরুতে একটি ইটের তৈরি দেওয়ালের সন্ধান পেয়েছি। তবে সেটি কোনো বসতবাড়ি, মসজিদ না মন্দিরের সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খনন কাজ শেষ হলে আমরা বিস্তারিত বলতে পারবো।

তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, সরকারের অনুমতিক্রমে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধি দলটি খনন কাজ শুরু করেছে। খননকাজ শেষ হলেই বিস্তারিত জানা যাবে। 

ইত্তেফাক/নূহু