বিদ্যালয় ভবনে ২২ মৌচাক আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে উত্তর কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২টি মৌচাকে বসবাস করছে অজস্র মৌমাছি। সবসময় উড়তে থাকে। মাঝে মাঝেই তা হুল ফোটায় মানুষের শরীরে। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী। উপজেলার কচাকাটা ইউনিয়নের দুধকুমর তীরবর্তী চরাঞ্চলের এ প্রতিষ্ঠানে পড়ালেখা করে ২৪০ জন কোমলমতি শিক্ষার্থী। বর্তমানে সরষে ফুলের হলদে মাঠে ছেয়ে গেছে বিদ্যালয়ের চারদিক। সেখানে নেচে নেচে মধু সংগ্রহ করে বিদ্যালয় ভবনের তিন দিকে কার্নিশে ও সিঁড়িতে ২২টি চাকে বসবাস করা এসব মৌমাছি। পাশ দিয়ে পাখি উড়ে গেলে অথবা হালকা বাতাসে তারা উড়তে থাকে। হুল ফোটায় শিক্ষক-শিক্ষার্থীর গায়ে। ভয়ে বিদ্যালয়ে আসা ছেড়ে দিয়েছে অনেক শিক্ষার্থী। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে দরজা-জানালা বন্ধ করে নেওয়া হচ্ছে বাত্সরিক পরীক্ষা। সহকারী শিক্ষিকা খুশি রানি সাহা জানান, গত শনিবার একটু বাতাসে বেশ কিছু মৌমাছি উড়ে এসে তাকে ও আরেকজন সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আক্রমণ করে। হুল ফোটায় তাদের মুখ ও শরীরে। এতে অসুস্থ হয়ে পড়ে চতুর্থ শ্রেণির সুমাইয়া খাতুন, জয়নব খাতুন, মনির হোসেন, দ্বিতীয় শ্রেণির বিউটি খাতুনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোহিনুর খাতুন বলেন, প্রথমাবস্থায় ধোঁয়ার সাহায্যে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেও লাভ হয়নি। শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হলেও পাখি বা অন্য কোনোভাবে তারা আঘাতপ্রাপ্ত হলে আক্রমণ চালায়। এবারেও তেমন হয়েছে। বাধ্য হয়ে খড়কুটো জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে দরজা-জানালা বন্ধ করে অন্ধকার কক্ষে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে।