দেহ উদ্ধারের সাত দিন পর তরুণীর মস্তক উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৬

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে মস্তকবিহীন লাশ উদ্ধারের সাত দিন পর অজ্ঞাত তরুণীর মস্তক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বুরঙ্গা ইউপির যুগিনীঘর হাওরে মস্তকবিহীন দেহ উদ্ধারকৃত স্থান থেকে ২০০ গজ দূরত্বে লাশের মস্তক উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, অজ্ঞাত তরুণীর মস্তকবিহীন দেহ উদ্ধারের পর মস্তক উদ্ধারে পুলিশ তত্পর ছিল। অবশেষে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সোমবার মস্তক উদ্ধার করা হয়েছে। তবে মস্তকটি শুকিয়ে প্রায় কঙ্কাল হয়ে গেছে। ঘটনার ক্লু উদ্ধারে পুলিশ তত্পর রয়েছে।

প্রসঙ্গত, ২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুরঙ্গা ইউপির যুগিনীঘর হাওরে মস্তকবিহীন এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। পরদিন থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।