চালু হয়নি নাম সংশ্লিষ্ট কোর্স
বেরোবি সংবাদদাতা
নিজের নামে প্রতিষ্ঠিত সর্বোচ্চ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েই অবহেলিত রোকেয়া সাখাওয়াত হোসেন। সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়ার পরও তার জীবনদর্শন (রোকেয়া অধ্যায়ন) সংশ্লিষ্ট কোনো কোর্স চালু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠার ১১ বছর পরেও তার কোনো ম্যুরাল বা স্থায়ী প্রতিকৃতি নির্মিত হয়নি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, বেগম রোকেয়ার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কম মনোযোগ থাকায় ‘রোকেয়া স্টাডিজ’ নামের একটি কোর্স চালুর সিদ্ধান্ত হলেও আজ অবধি তা বাস্তবায়ন হয়নি। এতদিনে রোকেয়ার একটি প্রতিকৃতি বা ভাস্কর্য গড়ে উঠতে পারত, কিন্তু সে কাজটিও করা হয়নি। এ বিশ্ববিদ্যালয়ের রোকেয়ার জীবনদর্শন নিয়ে আরো যত্নশীল হওয়া উচিত।
উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাাহ দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, বেগম রোকেয়ার প্রতিকৃতি অবশ্যই থাকা দরকার এবং এ ব্যাপারে উদ্যোগও গ্রহণ করা হয়েছে। বর্তমানে অগ্রগতি কতটুকু এমন প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি উপাচার্যই ভালো বলতে পারবেন। ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স চালুর বিষয়ে তিনি বলেন, যতটুকু জানি এটি এখনো বাস্তবায়ন হয়নি, তবে বাস্তবায়নের পথে।
