সাংবাদিক ভাস্কর ভাদুরীকে অভয় দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৪০

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে প্রশ্ন করা যমুনা টিভির সিনিয়র সাংবাদিক ভাস্কর ভাদুরীকে অভয় দিয়েছেন। গতকাল সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবসের আলোচনা সভা শেষে বের হওয়ার পথে ডেকে নিয়ে ভাস্করের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, প্রথমে প্রধানমন্ত্রী তার কাছে সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ভাস্কর বিস্তারিত বলেন। তখন শেখ হাসিনা বলেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার কাজ নির্ভয়ে চালিয়ে যাও। শেখ হাসিনা বলেন, উনারা (কামাল হোসেন) যদি এভাবে সাংবাদিকদের ‘খামোশ’ বলে থামিয়ে দিতে চান তাহলে তারা ক্ষমতায় এসে কী বাকস্বাধীনতা নিশ্চিত করবে তা মানুষের জানা হয়ে গেছে। এ সময় আওয়ামী লীগে থাকা অবস্থায় ড. কামাল হোসেনের অপ্রীতিকর নানা আচরণের বিষয়েও ভাস্করসহ উপস্থিতদের জানান প্রধানমন্ত্রী। ভাস্করের সঙ্গে ৫-৭ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর স্নেহশীল আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাস্কর।

গত ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জামায়াত প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, ‘কত টাকা পেয়েছ এই প্রশ্নগুলো করার জন্য? শহীদ মিনারে এসেছ, শহীদদের কথা চিন্তা করা উচিত। কোন চ্যানেল থেকে এসেছ? চিনে রাখব। চুপ করো, খামোশ।’