পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল সোমবার দুপুরে উপজেলার সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, জিপিএ ৫ পাওয়ার উদ্দেশে নয়। বাস্তবমুখী শিক্ষায় যুগের সঙ্গে তাল মিলিয়ে লেখাপড়া করতে হবে। বিদেশে শিক্ষার চাহিদা রয়েছে, স্বশিক্ষিতের কোনো চাহিদা নেই। তোমাদের মাদক থেকে দূরে থাকতে হবে। অসত্ সঙ্গ ত্যাগ করতে হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আরো বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার।
শাহরিয়ার আলম বলেন, এখন চাকরির জন্য জাপান যেতে হবে না। জাপানিরাই বাংলাদেশের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বিনিয়োগ করছে। এ সকল প্রতিষ্ঠানে কাজ করতে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য অনুরোধ করেছি। দেশে-বিদেশে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীর যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী আমাদের দক্ষ জনবলের অভাব রয়েছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সজাগ থাকতে হবে। সুযোগ পেলে রাজাকার ও তার দোসররা যে কোনো সময় ছোবল মারতে পারে।
