১৯টি দেশ নিয়ে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। খেলা হবে পল্টন ময়দানের পাশে শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে। এই টুর্নামেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রতি উত্সর্গ করা হয়েছে।
গতকাল উডেন ফ্লোরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্যসচিব আবদুল মালেক বলেন, ‘আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট জাতির পিতার অমর স্মৃতির উদ্দেশে উত্সর্গ করছি।’ খেলা হবে জুনিয়র ও সিনিয়র বিভাগে পুরুষ ১১২ ও ৫৬ জন নারীর অংশগ্রহণে। অংশগ্রহণকারী ১৯ দেশ হলো :বাংলাদেশ, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইরান, ইন্দোনেশিয়া, ওয়েলস, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, জাপান, থাইল্যান্ড, উজবেকিস্তান, মরিশাস, আয়ারল্যান্ড।
