ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশিক আহমেদ নামে এক যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার ও একটি সোনার চেইন উদ্ধার করছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছেন। গতকাল সোমবার ভোর পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিকালে এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্য ছিল কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৭ নম্বর ফ্লাইটে অবৈধ সোনা পাচার হবে। এ তথ্যে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। ফ্লাইটটি আসার পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গ্রীন চ্যানেল পার হচ্ছিলেন সন্দেহভাজন যাত্রী আশিক আহমেদ। এ সময় তাকে চ্যালেঞ্জ করেন কর্মকর্তারা। তিনি প্রথমে সোনার কথা অস্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি সোনার কথা স্বীকার করেন। তার দু’পায়ের মোজার ভেতর থেকে ১০টি সোনার বার ও একটি চেইন উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন এক কেজি ৩৬ গ্রাম ও মূল্য ৫২ লাখ ৮০ হাজার টাকা।
