বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর চকবাজার ও কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ ও নাশকতা চালানোর অভিযোগে বিএনপির ৩২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতারের পর গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিন করে জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার এই হামলার পর ঐদিনই মামলা হয়েছে।
চকবাজার থানার মামলায় গ্রেফতার চার আসামি হলেন—মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর গ্রামের আফছার ব্যাপারির ছেলে লিটন (২৬), মুন্সীগঞ্জের শ্রীনগর থানার কোলাপাড়া গ্রামের সিরাজের ছেলে মো. আসিফ (২১), নোয়াখালীর সোনাইমুড়ি থানার নাটেশ্বর গ্রামের আবদুস সাত্তারের ছেলে মুহিন (২১) এবং বংশালের সিদ্দিক বাজার এলাকার রফিকুল ইসলাম (২৬)। আর কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার আসামি হলেন—কোতোয়ালি ইসলামপুর রোডের নুরুল আফসার লিমন (৩২)।
চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুন্সী আবদুল মান্নান আদালতকে জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে হরনাথ ঘোষ রোডে রয়েল হোটেলের সামনে মিছিল হয়। তখন চকবাজার থানার বিএনপির সভাপতি আনোয়ার পারভেজের নেতৃত্বে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, কিলঘুসি মারে। বাঁশের লাঠি দিয়ে পুলিশকে পিটিয়ে আহত করে। এই ঘটনায় ২০ জনের নামে মামলা করেছে পুলিশ।
অপরদিকে কোতোয়ালি থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আদালতকে বলেন, রবিবার ইসলামপুরের সরফুদ্দিন ম্যানশনের সামনে সড়ককেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল হয়। তারা পুলিশ দেখে ইটপাটকেল ছোড়ে এবং যানবাহন ভাঙচুর করে। এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
