একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না ঢাকা-১ ও ২০ আসনের বিএনপির মনোনীত দুই প্রার্থী খন্দকার আবু আশফাক ও তমিজউদ্দিন এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খান রীতা। এর মধ্যে ঢাকা-২০ আসনের প্রার্থী তমিজউদ্দিনের মনোনয়নপত্র গ্রহণ করে ইসির নেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আবেদন করেন ওই প্রার্থী। আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। পরে ওই আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। ফলে তমিজউদ্দিন নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এদিকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের পর তা গৃহীত হওয়ার আগেই মনোনয়নপত্র দাখিল করেন ঢাকা-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক। যাচাই-বাছাই শেষে তা বাতিল করেন রিটার্নিং অফিসার। এর বিরুদ্ধে আপিল করলে ইসি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন বিকল্প ধারার প্রার্থী জালাল উদ্দিন। শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার ইসির সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন।
এছাড়া ঋণ খেলাপির কারণে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খান রীতার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করে সোনালী ব্যাংক। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেন রীতা। গতকাল শুনানি শেষে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখে। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এদিকে বগুড়া-৩ আসনের প্রার্থী আদমদিঘী উপজেলা চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার এবং বগুড়া-৭ আসনের প্রার্থী শাহজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল নির্বাচনে অংশ নিতে পারছেন না। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করে নেওয়া ইসির সিদ্ধান্ত স্থগিত করেছিল হাইকোর্ট। আপিল বিভাগ হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গতকাল এই আদেশ দেন।
রাজশাহী-৫ আসনে নাদিমের
পরিবর্তে নজরুলকে ধানের শীষ
রাজশাহী-৫ আসনের বিএনপির প্রার্থী নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এই আসনে বিএনপি থেকে নাদিম মোস্তফা এবং নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। গত ২ ডিসেম্বর ঋণ খেলাপিসহ কয়েকটি কারণে নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নজরুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। পরে আপিল করে প্রার্থিতা ফিরে পেলে নাদিম মোস্তফাকে চূড়ান্ত প্রার্থী করে বিএনপি। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নজরুল ইসলাম। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
