ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের কালিহাতীর সল্লা হতে রসুলপুর পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা। মঙ্গলবার (১০) ভোররাত থেতে যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে মহাসড়কের সল্লা, এলেঙ্গা, ময়মনসিংহ বাইপাস, রসুলপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এমন যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মহাসড়কের এলেঙ্গাতে তিনশ' মিটার সড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত ধীরগতিতে চলাচল করতে হয় পরিবহনগুলোকে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসেন জানান, মহাসড়কের এলেঙ্গাতে কাজ চলমান থাকায় এবং তিনশ' মিটার এলাকাজুড়ে খানাখন্দের কারণে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। পরিবহনের চাপ থাকায় মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে বেলার বাড়ার সঙ্গে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হলেও গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে।
ইত্তেফাক/জেডএইচডি
