নেতানিয়াহুর ছেলের ফেসবুক অ্যাকাউন্ট সাময়িক বন্ধ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক ছেলে ইয়াইর নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি ও মুসলিমবিরোধী কিছু পোস্ট দেওয়ায় ফেসবুক তার অ্যাকাউন্ট ২৪ ঘন্টা ব্লক করে দিয়েছিল। গত সপ্তাহে ইয়াইর একটি পোস্ট মুছে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ যেখানে তিনি একজন ফিলিস্তিনির হাতে দু’জন ইসরাইলি সৈন্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নেওয়ার আহবান জানিয়েছিলেন। ফেসবুক পোস্টে ২৭ বছর বয়সী এই যুবক আরো লিখেছিলেন, তিনি চান ইসরাইলি ভূখণ্ড থেকে সব মুসলিমরা চলে যাক। ফেসবুক কর্তৃপক্ষ তার এই পোস্টটিকেও সরিয়ে দিয়েছে। এই ঘটনার পর ইয়াইর নেতানিয়াহু ফেসবুককে ‘চিন্তার পুলিশ’ হিসেবে উল্লেখ করেছেন। ফেসবুকের অভিযোগ হলো, তিনি এই সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে ঘৃণামূলক বক্তব্য দিচ্ছেন। -বিবিসি