অবশেষে জীবননগর উপজেলায় টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যকম শুরু হয়েছে। মঙ্গলবার হতে এ পেঁয়াজ বিক্রি শুরু হলে কয়েকশ মানুষ পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ায়। প্রাথমিকভাবে জীবননগর উপজেলা ক্যাম্পাসে ও শহরের নারায়ণপুর মোড়ে ৪৫ টাকা কেজি দরে জনপ্রতি ২ কেজি হারে এ পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ও ইউএনও সিরাজুল ইসলাম এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। তুরস্ক থেকে আমদানীকৃত মোটা সাইজের 'আপেল' নামের এ পেঁয়াজ কিনতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। ক্রেতাদের সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। খোলা বাজারে এ পেয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। দেশি নতুন পেঁয়াজ ১৮০ ও দেশি পুরাতন পেঁয়াজ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ক্রেতা শহরের কাজীপাড়ার রুহুল আমিন জানান, বাজারে পেঁয়াজসহ কাচা তরিতরকারীর অগ্নিমূল্য। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য পেঁয়াজ পেয়ে তিনি আনন্দিত।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলে আটক
উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন দুটি স্পটে ৪ টন করে ৮ টন পেঁয়াজ বিক্রি করা হবে। যতদিন পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রিত না হচ্ছে ততদিন এ পেঁয়াজ বিক্রি করা হবে।
ইত্তেফাক/নূহু
