বিনোদন ডেস্ক
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর বেভারলি হিলসে বসতে যাচ্ছে ৫ জানুয়ারি। এর আগে ৯ ডিসেম্বর প্রকাশ করা হয় মনোনয়ন তালিকা। যুক্তরাষ্ট্রে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি লরেঞ্জো সোরিয়া মনোনীতদের নাম জানান।
মনোনয়নের পর থেকে যেমন শুরু হয়েছে ব্যাপক আলোচনা তেমনি অনেকে দ্বিধায় পড়ে গেছেন যে, শেষ পর্যন্ত কার ঘরে উঠবে এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। চলচ্চিত্রের তালিকায় লড়াইয়ের শীর্ষে অবস্থান করছে মার্টিন স্কোরিশ পরিচালিত ‘দ্য আইরিশম্যান’ ও টড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমা দুটি।
‘জোকার’ সিনেমাটি মুক্তির পর থেকে যে আলোচনা রয়েছে সেই হিসেবে ‘জোকার’-এর সম্ভাবনা নিয়ে উত্সুক অনেকেই। কিন্তু নেটফ্লিক্সে ‘দ্য আইরিশম্যান’ পাওয়ার পর থেকে এই সিনেমাটিও আলোচনার কেন্দ্রে এখন। শুধু এই তালিকায় নয়, ‘বেস্ট ডিরেক্টর: মোশন পিকচার’ মনোনয়ন তালিকাতেও রয়েছেন এই দুটি সিনেমার পরিচালকরা। বেস্ট মোশন পিকচার (ড্রামা) তালিকায় এই দুটি সিনেমা ছাড়াও রয়েছে ‘দ্য টু পিপল’, ‘ম্যারিজ স্টোরি’ ও ‘১৯৭৭’।
এরমধ্যে ‘ম্যারিজ স্টোরি’ সিনেমাটিও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস মনোনয়নে তাক লাগিয়ে দিয়েছে। সর্বোচ্চ মনোনয়নের তালিকায় রয়েছে ‘ম্যারিজ স্টোরি’। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) মনোনয়নের তালিকায় বেশ দাপটের সঙ্গে রয়েছেন স্কারলেট জোহানসন। সেরা অভিনেতা (ড্রামা) তালিকাতেও ‘ম্যারিজ স্টোরি’তে অভিনয়ের জন্য অ্যাডাম ড্রাইভারও এগিয়ে আছেন পুরস্কার পাওয়ার দৌঁড়ে। এছাড়াও ‘জোকার’ সিনেমার জন্য ওয়াকিন ফিনিক্সও আলোচনার বাইরে নেই। প্রতিবছরের শুরুতে এই অ্যাওয়ার্ডস আয়োজন দিয়ে শুরু হয় হলিউডের অ্যাওয়ার্ড যাত্রা। এর ঠিক পরেই বসবে অস্কারের আসর।
