বিবিসি
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দাবানল আরো মারাত্মক আকার ধারণ করেছে। সিডনিতে দাবানলের কালো ধোঁয়ায় তীব্র বায়ুদূষণ হচ্ছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। যারা রয়ে গেছেন তাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে মাস্ক পরছেন।
স্থানীয়রা জানান, দাবানলের কালো ধোঁয়ায় তাদের জীবন বিষিয়ে ওঠছে। বেড়ে গেছে শ্বাসকষ্ট। পরিবেশ দূষণের কারণে সিডনির বাতাস ক্রমেই ভারী হয়ে উঠছে। এছাড়া তীব্র গরম বাতাসে তাদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। গতকাল সেখানে কালো ধোঁয়ার মাত্রা এত বেড়ে যায় যে, এতে করে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়। পরিস্থিতির বিবেচনায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যে দাবানল থেকে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশির ভাগই গত মাস থেকে শুরু হয়েছে। প্রায় এক মাস ধরেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু এলাকা। গত সেপ্টেম্বরে ভয়াবহ দাবানল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৮০টির বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২১ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে।
