দুই পাশে অরক্ষিত দুই রেলক্রসিং!

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

গাইবান্ধার মহিমাগঞ্জ রেল স্টেশন

দুর্ঘটনার আশঙ্কা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনের দুই পাশে রয়েছে দুটি রেলক্রসিং। গুরুত্বপূর্ণ দুটি সড়কের ওপর এই রেলক্রসিং দুটি নির্মিত হয়েছে। কিন্তু রেলক্রসিং দুটি অরক্ষিত। কোনো গেইট নেই। নেই কোনো গেটম্যান। ফলে রেললাইনের ওপর দিয়ে পথচারী ও যানবাহন পারাপার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, রেলক্রসিং দুইটি দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপারের দৃশ্য। এদিক-ওদিক না তাকিয়ে রেলক্রসিং অতিক্রম করছে রিকশা-ভ্যান, অটোরিকশা, ছোটো-বড়ো ট্রাকসহ নানা ধরনের যানবাহন। এসময় মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের অটোরিকশাচালক কাশেম মিয়া বলেন, দুর্ঘটনার ঝুঁকি আছে। কিন্তু কি করব। সবসময় দ্রুত যাত্রীদের পৌঁছে দেওয়া নিয়ে ব্যস্ত থাকি। ট্রেন আসছে কি না তা দেখার মনে থাকে না।

মহিমাগঞ্জ এলাকার স্কুলশিক্ষক এখলাছুর রহমান বলেন, পদ্ধতিগত কারণে মহিমাগঞ্জ রেল স্টেশনটি ইংরেজি ‘ইউ’ আকৃতির। মাঝামাঝি স্থানে অবস্থিত মহিমাগঞ্জ রেল স্টেশন। ফলে প্লাটফরমে দাঁড়িয়ে একেবারে কাছে না আসা পর্যন্ত কোনো ট্রেন দেখতে পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহনকে রেলক্রসিং দুটি অতিক্রম করতে হচ্ছে। একই এলাকার ব্যবসায়ী মনজুর হাবীব বলেন, রেলক্রসিং দুইটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই। কেবল রেলওয়ে কর্তৃপক্ষ দায়সারাভাবে রেলক্রসিং দুটির পাশে একটি ফলকে লিখে রেখেছে, ‘এই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। যাত্রীসাধারণকে নিজ দায়িত্বে পারাপার করতে হবে’। বর্তমানে ফলক দুটিও ময়লায় ঢেকে যাওয়ায় মানুষের চোখে আর পড়ে না।

সম্প্রতি মহিমাগঞ্জের সচেতন এলাকাবাসীর পক্ষ থেকে উত্তরাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগ কর্তৃপক্ষ বরাবরে এই রেলক্রসিং দুটিতে জরুরি ভিত্তিতে রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের আবেদন করেছে।

এ প্রসঙ্গে মহিমাগঞ্জ রেল স্টেশন মাস্টার নজরুল ইসলাম বলেন, সান্তাহার-বোনারপাড়া-লালমনিরহাট রেলরুটের একটি স্টেশন মহিমাগঞ্জ। এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ১৬টি ট্রেন যাতায়াত করে। ফলে দুইটি রেলক্রসিং খুবই গুরুত্বপূর্ণ। তাই রেলক্রসিং দুটিতে গেইট স্থাপন ও গেটম্যান নিয়োগে ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।