পদ্মা থেকে ৩ জনের লাশ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:১০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় চায়না চ্যানেলের কাছে ডাম্প ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবির ঘটনায় পদ্মানদী থেকে নিখোঁজ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নৌরুটের শিবচর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে ডুবুরি, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও শিবচর থানা পুলিশের সদস্যরা।

এরা হলেন, কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার পসন্নপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাজু (২৫), তার স্ত্রী লিমা (২০) এবং পটুয়াখালী জেলার আমিরাবাদ থানার বাউফল থানার রুবেল গাজীর মেয়ে শিশু ফাতেমা (৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার তদন্ত ওসি মো. শাহজাহান মিয়া ও মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আরমান হোসেন সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল এলাকা থেকেই তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, গত রবিবার (১১ নভেম্বর) বিকেলে একটি স্পিডবোট ২৪ জন যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসে। মাঝ নদীতে এসে চলন্ত স্পিডবোটটি একটি ডাম্প ফেরির সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। ডুবে যাওয়া স্পিডবোটের সকল যাত্রী পানিতে পড়ে যায়। যাত্রীদের মধ্যে ২১ জনকে সেনাবাহিনীর টহলবোট উদ্ধার করলেও নিখোঁজ থাকে তিনজন।

নিখোঁজের সংবাদ পেয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা, তদন্ত ওসি শাহজাহান মিয়া ঘটনাস্থল গিয়ে ডুবুরি, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও সেনাবাহিনীদের সঙ্গে নিয়ে রাতভর উদ্ধারের চেষ্টা চালায়। 

ইত্তেফাক/নূহু