সোমেশ্বরীতে রাবার ড্যাম না থাকায় ঝিনাইগাতী-শ্রীবরদীতে সেচ সংকট!

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর বালিজুড়ীতে রাবার ড্যাম না থাকায় প্রতি বছর বোরো মৌসুমে সেচ সংকটে পড়েন ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার শত শত কৃষক।

নদীটির প্রবেশদ্বার শ্রীবরদীতে হলেও পুরো নদী বিস্তৃত ঝিনাইগাতী উপজেলায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ নদীর পানি সেচ কাজে ব্যবহার করে ঝিনাইগাতী উপজেলার প্রায় ৫ হাজার কৃষক ২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করে থাকে। রাণী শিমুল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা ও কাংশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ সরকারসহ কৃষকরা জানান, এ নদীর বালিজুড়ীতে একটি রাবার ড্যাম নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি।

ঝিনাইগাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ও ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, উজানে বাঁধ নির্মাণের কারণে ভাটি এলাকার শত শত কৃষক সেচ সংকটে পড়েন। ফলে বোরো আবাদ ব্যাহত হয়।

ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর ও মো. নাজমুল হাসান বলেন, সোমেশ্বরী নদীর উজানে বালিজুড়ীতে একটি রাবার ড্যাম নির্মাণ করা হলে দুই উপজেলার কৃষকদের সেচ সংকট স্থায়ীভাবে সমাধান হবে।

এ ব্যাপারে সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ এ কে এম ফজলুল হক বলেন, কৃষকদের দাবির প্রেক্ষিতে মহারশি নদীর নলকুড়ায় একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে। সোমেশ্বরী নদীর বালিজুড়ীসহ এ উপজেলায় আরো তিনটি রাবার ড্যাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই সোমেশ্বরী নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রকল্প প্রণয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।