অনলাইনভিত্তিক ভ্যাটব্যবস্থা ও হিসাবরক্ষণ সহজীকরণ চান আয়রন অ্যান্ড স্টিল ব্যবসায়ীরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

অনলাইনভিত্তিক ভ্যাটব্যবস্থা ও হিসাবরক্ষণ সহজীকরণ চায় আয়রন ও স্টিল ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বংশালের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন এ দাবি জানান। ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট (মূল্য সংযোজন কর) দিতে চান; কিন্তু হয়রানি ও নানা বিড়ম্বনার কারণে এ ভ্যাট প্রদান অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই ব্যবসায়ীরা যাতে সহজভাবে আরোপিত ভ্যাট প্রদান করতে পারে এ জন্য আইন সহজ ও হিসাবরক্ষণ সহজী করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোরটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জর গিফারী জুয়েল। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতি মাসে প্রায় ৩ লাখ মেট্রিক টন লৌহজাত দ্রব্য আমদানি করে প্রায় ২৫০ কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি; কিন্তু নতুন ভ্যাট আইন অনুযায়ী বিন ব্যতীত কারো কাছে পণ্য বিক্রি করা যাবে না। বর্তমানে বিন নাম্বার আছে মাত্র দেড় লাখ ব্যবসায়ীর। বর্তমানে এক শতাংশ লোকেরও বিন নাম্বার নাই। ফলে আমদানিকৃত লাখ লাখ টন পণ্য বিক্রি করতে না পারায় নতুনভাবে আমদানি করাও সম্ভব হচ্ছে না। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। সাধারণ সম্পাদক নাসিরউল্লাহ, সিনিয়র সহসভাপতি আমীর হোসেন নুরানি, কেরানীগঞ্জ শিট ব্যবসায়ী সাধারণ সম্পাদক মো. সেলিম, কোষাধ্যক্ষ মো. সেলিম স্বপন, সহসাংগঠনিক সম্পাদক কাজী মশিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মো. জুনায়েদ ইবনে আলী, আবুল কাসেম প্রমুখ সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।