ইত্তেফাক রিপোর্ট : কক্সবাজারের সাত উপজেলায় পাহাড়, টিলা, পাহাড়ি বন ও সমুদ্রসৈকত রক্ষায় একগুচ্ছ রুল জারি করেছে হাইকোর্ট। রুলে কক্সবাজার জেলার পাহাড়, টিলা, পাহাড়ি বন, সংরক্ষিত এলাকায় সার্কিট হাউজ নির্মাণ, ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতে বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত দখল ও নির্মাণ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক দূষণ, সমুদ্রসৈকতে ব্যবহূত প্লাস্টিকের অবাধ ব্যবহার রোধে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, পরিবেশ সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
