মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরণ অনশন শুরু করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গতকাল মঙ্গলবার খুলনা, নরসিংদী ও চট্টগ্রামে পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধ, পিএফর টাকা প্রদান, বদলি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ প্রভৃতি।
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে আমরণ অনশন শুরু করেছেন আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দাবিতে গেট সভা, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল, ২৪ ঘণ্টার কর্মবিরতির কর্মসূচির পর এবার আমরণ অনশন করছেন চট্টগ্রামের আমিন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল সমূহের শ্রমিকরা। আমিন জুটমিল সিবিএর দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দিন ইত্তেফাককে বলেন, ‘গতকাল সকাল ৮টা থেকে মিল গেটে অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। মিল গেটে অনশন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, চট্টগ্রামের ৯টি জুট মিলের শ্রমিকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে ফিরবেন না। এ সময় বক্তব্য রাখেন আমিন জুট মিলের শ্রমিকনেতা শামসুল আলম, জামাল হোসেন, সিবিএ যুগ্মসম্পাদক মো. মোস্তফা, আবদুল আলীম, মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা গতকাল দুপুর ১২টা থেকে জুট মিলের প্রধান ফটকে অনশন শুরু করেন। শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। তাই বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।
খুলনা অফিস জানায়, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের প্রায় অর্ধ লাখ শ্রমিক আমরণ অনশন শুরু করেছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে এ অনশন কর্মসূচি শুরু করে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম, জেজেআই ও কার্পেটিং মিলের শ্রমিকরা। স্ব স্ব পাটকলের উত্পাদন বন্ধ রেখে মিলের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করছেন তারা। ক্রিসেন্ট জুট মিলের সাবেক সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে স্ব স্ব মিল গেটে অনশন পালন করছেন। ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
