এএসআই, স্কুলছাত্র ও ছাত্রদল নেতাসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০০:২৩

এসএআই, স্কুলছাত্র ও ছাত্রদল নেতাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

নোয়াখালী: সুবর্ণচরের চরবাটা ও বেগমগঞ্জের কাদিরপুর সাহাবের হাট এলাকায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। নিহতরা হলেন, চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল (৩০), হাতিয়া উপজেলার তরমদ্দির জোড়াখালী গ্রামের স মিল শ্রমিক মো. নোমান (৩৬) এবং মেহরাজ হোসেন (২২)।

কোটালীপাড়া (গোপালগঞ্জ): কোটালীপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, এএসআই এমদাদুল হক (৩০) ও রঞ্জিত বিশ্বাস (২৭)। গতকাল কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম গুচ্ছগ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ: পাকুন্দিয়ায় গতকাল মোটরসাইকেলের ধাক্কায় বায়েজিদ (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বায়েজিদ উপজেলার মান্দারকান্দি গ্রামের নূরু মিয়ার ছেলে এবং মধ্য মান্দারকান্দি সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

ছাগলনাইয়া (ফেনী): পশ্চিম ছাগলনাইয়ার কালাগাজী মজুমদার বাড়ির সামনে গতকাল পিকআপ চাপায় ১৩ মাস বয়সি ফাহিম হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। ফাহিম বাঁশপাড়া গ্রামের ইসমাঈল মুন্সী পাড়ার মহিউদ্দিনের ছেলে।

পঞ্চগড়: তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল সরণি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গতকাল দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়ার রাজিব ইসলাম (২২) ও একই ইউনিয়নের চতুরাগছার আনিছুর রহমান (২৮)।

সাভার: সাভারের রাজাশন এলাকায় গতকাল মোটরসাইকেল চাপায় শামসুন্নাহার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট তোফায়েল হোসেনের স্ত্রী।

মানিকগঞ্জ: শিবালয়ে সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় ফুলজান (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া (রাজশাহী): ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার গোপালহাটী ফকিরপাড়া ঢালান নামক স্থানে গতকাল ট্রাক চাপায় আ. বারিক (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

পূর্বধলা (নেত্রকোনা): পূর্বধলায় পিকআপের চাপায় ইমন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ধোবারুহী-সরিস্থলা কাঁচা রাস্তার ধোবারুহী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইমন ধোবারুহী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।