ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০০:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক সুপারিশ ও তদবির বাণিজ্যসহ অর্থ লেনদেনের অভিযোগে মানহানি মামলা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মোজাহিদ কামাল উদ্দিন। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে মামলাটি করা হয়। তার আইনজীবী এনামুল হক রুপম এ তথ্য জানিয়েছেন। বাদী পক্ষের অপর আইনজীবী হলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি।

মোজাহিদ কামাল উদ্দিন ইত্তেফাককে বলেন, নুর ছাত্র সংসদের ভিপি পদটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অনৈতিক অর্থ লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়েন। যা গত ৫ ডিসেম্বর বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে জানতে পারি। নুর এ ধরনের কাজ করে ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন। একজন সাধারণ ও সচেতন শিক্ষার্থী হিসেবে আমি অপমানিত বোধ করি। এজন্য মামলার আবেদন করেছি।

এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, সরকার স্বৈরতন্ত্র কায়েম করার জন্য আদালত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে পকেটবন্দি করে রেখেছে। সেখানে আদালতে ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা নেই।

এ ধরনের বিষয় মোকাবিলা কীভাবে করবেন এমন প্রশ্নে নুর বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে প্রতিবাদের মধ্য দিয়ে এর সমাধান করতে হবে। আইনের মাধ্যমে প্রতিকার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।