বিদ্যুত্ সঞ্চালন ও মেট্রোলাইন-৫-এর নকশা প্রণয়নে ঋণ দিচ্ছে এডিবি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:০৭

 ইত্তেফাক রিপোর্ট

বিদ্যুত্ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন এবং মেট্রোলাইন-৫ এর নকশা প্রণয়নের পৃথক দুটি প্রকল্পে ঋণ চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বুধবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গাবতলী ও দাশেরকান্দির মধ্যে নির্মিতব্য প্রায় ১৭ দশমিক ৪ কিলোমিটার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ এর পূর্ত কাজের জন্য বিশদ সম্ভাবনা সমীক্ষা, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, প্রক্রিউরমেন্ট দলিলাদি প্রস্তুত, ভূমি অধিগ্রহণ ও ডিপো নির্মাণসংক্রান্ত নকশা প্রস্তুত ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে এডিবির সঙ্গে ৩ কোটি ৩২ লাখ ডলারের ঋণ ও প্রকল্প চুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে ঋণ চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও প্রকল্প চুক্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফোকাল পারসন মো. মাহবুব উল আলম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তি ও ঋণপত্রে সই করেন। এ সময় জানানো হয়, এ প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজাইন করা হবে। স্বয়ংক্রিয় টিকিট ব্যবস্থাসহ ডাটাবেজও থাকবে। প্রকল্পটি ২০২০ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৩ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসময় মনমোহন প্রকাশ বলেন, রাজধানী ও এর আশেপাশে বসবাসকারীদের জন্য পরিবেশবান্ধব, নারীবান্ধব, নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। দেশের অর্থনীতির ৩৫ ভাগ রাজধানীকেন্দ্রিক, যা মেট্রোরেল বাস্তবায়ন হলে আরে বেড়ে যাবে। এসময় জানানো হয়, প্রকল্পটিতে মোট ৪ কোটি ৪৫ লাখ ডলার ব্যয় হবে। এর মধ্যে এডিবি ৩ কোটি ৩২ লাখ ডলার সহজ শর্তে ওসিআর ঋণ প্রদান করবে। ২ শতাংশ ঋণে ৫ বছর রেয়াতকালসহ ২৫ বছরে এ ঋণ শোধ করতে হবে। বাকি ১ কোটি ১৩ লাখ ডলার সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। এ প্রকল্পের আওতায় এডিবির অর্থায়নে মালামাল ও সেবাদি সংগ্রহের ক্ষেত্রে এডিবির নিজস্ব গাইডলাইন অনুসরণ করতে হবে।

এদিকে গতকাল ‘ঢাকা অ্যান্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গ্রিড এক্সপানশন প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে ৩০ কোটি ডলারের ঋণ চুক্তি সই হয়েছে। চুক্তিতে ইআরডি সচিব, প্রকল্প চুক্তিতে পিজিসিবির প্রধান প্রকৌশলী জামিল আহমেদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর উভয়পত্রে সই করেন। এ প্রকল্পে সর্বমোট ৭৫ কোটি ডলার ব্যয় হবে। এর মধ্যে এডিবি ৩০ কোটি ডলার ওসিআর ঋণ দেবে এবং চীনের  চায়না পভার্টি রিডাকশন অ্যান্ড রিজিওনাল কোঅপারেশন ফান্ড থেকে সাড়ে ৭ লাখ ডলার অনুদান দেবে। এডিবি ছাড়াও এ প্রকল্পে এআইআইবি ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে। এডিবির ঋণের সুদহার ইউরোবোর (ইউরো আন্তঃব্যাংক অফার রেট) প্লাস শূন্য দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে এ ঋণ শোধ করতে হবে। এ ঋণে শূন্য দশমিক ১০ শতাংশ ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অব্যয়িত ঋণের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে।