কুবি শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী নীল দল     

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ নির্বাচনে ১৫ পদের সবকটিতেই বিজয়ী হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের ‘নীল দল’। এতে সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার নির্বাচিত হয়েছেন।

বুধবার(১১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকাল পাচঁটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। 

অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন, সহ-সভাপতি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, কার্যকরী সদস্য লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ ও বাংলা বিভাগের অধ্যাপক ড. জি.এম মনিরুজ্জামান।

আরও পড়ুন: টাকার প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

এছাড়াও একক প্রার্থী হিসেবে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হুসেইন, কোষাধ্যক্ষ পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫২ জন এবং ভোট প্রদান করেন ১৯০ জন। 

ইত্তেফাক/এএএম