২২ গজের উত্তেজনা যেন টানতে পারছে না ক্রিকেটামোদীদের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডারের মধ্যকার উদ্বোধনী ম্যাচে শেরেবাংলার গ্যালারিতে ছিল দর্শক খরা। প্রায় ২৫ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মাত্র হাজারখানেক দর্শক ছিলেন।
স্পোর্টস রিপোর্টার
জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে। কিন্তু মাঠের লড়াই শুরু হতেই অনেক অভাবে ভুগছে বিপিএল। বিদেশি তারকা ক্রিকেটারদের অভাব এবারের আসরকে অনেক বেশি ম্লান করেছে। গত আসরেও স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্সরা মাতিয়েছিলেন বিপিএল। চলমান আসরে বিদেশি বড়ো ক্রিকেটারের দেখা মেলা ভার।
অগোছালো একটা রূপ যেন সেঁটে আছে বিপিএলের সঙ্গে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে পাওয়া যায়নি সাত দলের অধিনায়ককে। বিসিবির দায়িত্বপ্রাপ্ত টিম ডিরেক্টর পদও বদলে যাচ্ছে হুটহাট। টুর্নামেন্ট শুরুর আগে বিসিবি কর্তারা পইপই করে বলেছেন, এবার প্রতিটি দলকে খেলাতে হবে একজন লেগ স্পিনার, দলে থাকতে হবে ১৪০ কিমি. গতিতে বোলিং করার ক্ষমতা সম্পন্ন ফাস্ট বোলার। টুর্নামেন্ট মাঠে গড়াতেই সেসব নিয়ম যেন তিমিরে হারিয়েছে।
গতকাল বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ভুগেছে দর্শকের অভাবে। ২২ গজের উত্তেজনা যেন টানতে পারছে না ক্রিকেটমোদীদের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডারের মধ্যকার উদ্বোধনী ম্যাচে শেরেবাংলার গ্যালারিতে ছিল দর্শক খরা। প্রায় ২৫ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মাত্র হাজারখানেক দর্শক ছিলেন।
শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ড, গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজে অবস্থান করা দর্শক সংখ্যা ছিল হাতে গোনার মতো। উত্তর গ্যালারিতেই উল্লেখযোগ্য দর্শক ছিলেন।
এবার টিকিটের সর্বনিন্ম মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। কিন্তু ২০০ টাকায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখার আকর্ষণ চোখে পড়ল না গতকাল। হেমন্তের শীতে টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনাও জাগাতে পারছে না দর্শকদের ক্রিকেটপ্রেম।
