কালিয়াকৈরে অবৈধ পাঁচ ইটভাটা উচ্ছেদ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৯

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বুধবার অভিযান চালিয়েছে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর। সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে কালিয়াকৈর উপজেলার উত্তর দাঁড়িয়াপুর এলাকার কেবিএম, আরআরবি, সান, কেইউবি ও স্টার এই পাঁচ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে সিলগালা করে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এই পাঁচ ইটভাটার মালিককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

দৈনিক ইত্তেফাকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর অবৈধভাবে পরিচালিত হওয়া ইটভাটায় এ অভিযান চালায় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর।  অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও তানজিদ আহমেদ। সঙ্গে ছিলেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম সরকার, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম ও পুলিশের সদস্য।

উল্লেখ্য, গত সোমবার দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘কালিয়াকৈরে ১৭ ইটভাটার অনুমোদন নেই, পরিবেশদূষণ ও শিশুশ্রমের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।