‘বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের জন্যে স্বাধীনতার ফল ভোগ করছি’

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের জন্যে আমরা স্বাধীনতার ফল ভোগ করছি। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতেন, মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না’। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের মোহাম্মদ আকরম খাঁ হলে  মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকা সাব এডিটরস কাউন্সিল ‘ডিএসইসি মুক্তিযোদ্ধা সম্মাননা-২০১৯’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছয় জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আজ আমরা যে স্বাধীনতার ফল ভোগ করছি তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের জন্য। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতেন, মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আমরা এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না।

পরে তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের, মোহাম্মদ আবদুল মোতালেব, সাইফুল ইসলাম, তরুণ তপন চক্রবর্তী, মীর মোস্তাফিজ আহমেদ ও খোন্দকার আতাউল হককে মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সাংবাদিক মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।