ডিএসইসির মুক্তিযোদ্ধা সম্মাননা
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ২৫টি গাড়ির অপব্যবহার
ইত্তেফাক রিপোর্ট
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রকল্পের ২৫টি গাড়ির অপব্যবহারের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গাড়িগুলোর অপব্যবহারে সরকারের লাখ লাখ টাকার অপচয় হচ্ছে। গতকাল বুধবার কমিশনের একটি টিম অভিযান চালিয়ে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রকল্পের ছয়টি প্রজেক্টর ছয়টির লগবই জব্দ করেছে।
দুদক সূত্রে জানা যায়, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো হতে গণসচেতনতামূলক প্রচারণা সার্ভিস প্রকল্পের অন্তত ২৫টি গাড়ি ব্যবহারে অনিয়মের অভিযোগ আসে দুদকে। অভিযোগ প্রাথমিক যাচাই-বাছাই করে দুদকের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনী ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে দুদক। ঐ টিম গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রকল্পে অভিযান চালায়। সরেজমিন অভিযানে দুদক টিম ঐ প্রকল্পের অধীনে ছয়টি প্রকল্পের যাবতীয় তথ্যাবলি সংগ্রহ করে। অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট নিম্ন শ্রেণির কর্মকর্তারা পাজেরো গাড়ি ব্যবহারের তথ্য পায় দুদক টিম। এমনকি সংশ্লিষ্টদের গাড়ি ব্যবহারের প্রাধিকার সংক্রান্ত প্রমাণাদি স্বাস্থ্য শিক্ষা ব্যুরো দুদক টিমের নিকট প্রদর্শন করতে পারেননি।
এদিকে বগুড়ার কাহালুতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে ডিলারদের নিকট হতে ধান-চাল সংগ্রহে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন- ১০৬) আগত অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা কার্যালয় হতে গতকাল এ অভিযান চালানো হয়। দুদক টিম মিল মালিকদের নিকট হতে চাল সংগ্রহ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। তথ্যাবলি যাচাইপূর্বক কমিশনের সিদ্ধান্ত চেয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে টিম।
একই টিম কাহালু উপজেলার ডাকুনটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজে টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করে। সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অভিযানকালে টিমের নিকট পরিলক্ষিত হয়, বিদ্যালয় উন্নয়নের বিভিন্ন খাতে নামমাত্র কাজ করে ভুয়া ভাউচার তৈরি করে অবশিষ্ট অর্থ আত্মসাত্ করা হয়েছে। টিম বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত ভাউচারসমূহ জব্দ করে কাহালু উপজেলা শিক্ষা অফিসারের নিকট সোপর্দ করে। তিনি আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করবেন মর্মে নিশ্চয়তা প্রদান করেন।
