আজ খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে নাশকতার আশঙ্কা
বিশেষ প্রতিনিধি
পাড়া-মহল্লা, রাজপথসহ সারা দেশের মাঠে আজ বৃহস্পতিবার সতর্ক অবস্থায় থাকবে আওয়ামী লীগ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানিকে ঘিরে নাশকতার আশঙ্কায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এমন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বিএনপি নেত্রীর মামলার জামিন শুনানিতে আদালতে হাঙ্গামা ও নৈরাজ্যকর ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতেই এমন সতর্ক অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, আজ সকাল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টে সতর্ক অবস্থায় এবং প্রতিটি ওয়ার্ড-ইউনিয়ন এবং থানা এলাকায় পাহারা দেবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নিজ নিজ কার্যালয়ে সতর্ক অবস্থায় থাকবেন নগর নেতারা। সহযোগী সংগঠনের নেতারাও দলীয় কার্যালয়ে অবস্থান নেবেন। তবে আদালতপাড়ায় থাকবেন আইনজীবী পরিচয় আছে এমন সব নেতাকর্মী। এছাড়া সারা দেশেই রায়কে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য নেতাকর্মীরা সতর্ক থাকবেন।
