রাজশাহীতে চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:২৩

রাজশাহীতে যাত্রীবাহী ‘আকিব পরিবহনের’ বাসে তরুণীর (১৮) শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের সুপারভাইজার ফজলুর রহমানকে (৩৭) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার গভীর রাতে নগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকা থেকে ফজলুরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভিকটিমের চিত্কারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আকিব পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৪৩) বাসের সুপারভাইজার ফজলুর রহমানকে গণপিটুনি দেয়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার এবং সুপারভাইজার ও বাস আটক করে থানায় নিয়ে যায়।

ঐ তরুণী জানায়, মা-বাবা তাকে ছোটো রেখেই মারা যায়। নানারবাড়ি লক্ষ্মীপুর থেকে পড়াশোনা করেন। রাজশাহীর শিরোইল এলাকায় তার বান্ধবীর বাড়িতে বেড়াতে আসার উদ্দেশে সোমবার বিকালে তিনি লক্ষ্মীপুর থেকে বাসে চড়েন। নাটোর পার হওয়ার পর বাসটি প্রায় যাত্রীশূন্য হয়ে পড়লে ফজলুর রহমান তার পাশের সিটে বসে তাকে কুপ্রস্তাব দেয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। এ সময় তিনি চিত্কার করলে তাকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। পরে রাত দেড়টার দিকে বাসটি রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজার অতিক্রম করার সময় লোকজনকে দেখে চিত্কার শুরু করেন তিনি। এ সময় উপস্থিত লোকজন বাসের গতিরোধ করে তার মুখে ঘটে যাওয়া ঘটনা শুনে সুপারভাইজারকে গণপিটুনি দেয়।

মতিহার থানার (ওসি) তদন্ত ওলিউর রহমান জানান, তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় সুপারভাইজার ফজলুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।