ডাকাতির ঘটনায় ফাঁড়ির ইনচার্জসহ ১৪ পুলিশ প্রত্যাহার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:২৯

কালীগঞ্জে উলুখোলা পুলিশ ফাঁড়ির মাত্র ২০০ গজ দূরে পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানসহ সাত দোকানে ডাকাতির ঘটনায় ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই রূপন চন্দ্র সরকারসহ ১৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই রূপন চন্দ্র সরকার নিজেই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপন চন্দ্র সরকার জানান, তাদের প্রত্যাহার করে এই ফাঁড়িতে নতুন টিম দেওয়া হচ্ছে। তবে কে হচ্ছেন ফাঁড়ির নতুন ইনচার্জ সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। তিনি আরো জানান, প্রত্যাহার পুলিশের মধ্যে একজন উপ-পরিদর্শক (এসআই), দুই জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), এক জন হাবিলদার ও ১০ জন কনস্টেবল।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় রূপন চন্দ্র সরকার ফাঁড়িতে ছিলেন না। তিনি ফাঁড়িতে থাকলে হয়তো এমন ঘটনা নাও ঘটতে পারত। ইনচার্জ ফাঁড়িতে না থাকায় ডাকাত দল এমন সুযোগ নিয়েছে বলে তাদের ধারণা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক জানান, পুলিশ প্রত্যাহারের ব্যাপারে অফিসিয়ালভাবে এখনো কিছু জানি না। আর ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাতে রূপশ্রী জুয়েলার্সের স্বত্ব্বাধিকারী দীপঙ্কর চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করে মামলা করেছেন। যার তদন্ত করছেন ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা।  

উল্লেখ্য, সোমবার উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির মাত্র ২০০ গজ দূরত্বে বাজার এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিচয়ে পাঁচটি স্বর্ণের দোকানসহ সাত দোকানে ডাকাতি করে আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালংকার, ৩৪০ ভরি রুপা ও নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।