খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট পালটানোর চেষ্টা হচ্ছে :ফখরুল

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০০:২৭

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যতটুকু জানি বিএসএমএমইউ কর্তৃপক্ষের যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই রিপোর্ট বাদ দিয়ে অন্য একটি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে আটকে রেখেছে সরকার। এতে উনার অধিকার এবং মানবাধিকার উভয়ই লঙ্ঘন হচ্ছে। গতকাল বুধবার গুলশানের লেকশোর হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক গোলটেবিল সভায় তিনি এ অভিযোগ করেন। সভায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তানসহ ১৫টি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া গত ১০ বছরে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং খুন হওয়া বিরোধী দলের ২৭টি পরিবারের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ড. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুব উল্লাহ, মোফাজ্জল করিম, শামা ওবায়েদ, ফারজানা শারমিন, নুর খান, মাসুদ আজিজ প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় গত ২০ মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব মামলায় অন্য আসামিরা জামিন পেলেও দেশনেত্রীকে জামিন দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে সরকার বাধাগ্রস্ত করছে।  তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি চলছে, অতীতে তা কখনোই এত ভয়াবহ ছিল না।  গত ১০ বছরে শুধু ভিন্নমত এবং ভিন্ন রাজনৈতিক চিন্তার কারণে প্রায় ৩৫ লাখ মানুষকে মামলার আসামি করা হয়েছে। মামলা হয়েছে ১ লাখ ৮ হাজার ১৪টি। সরকার এবং আওয়ামী লীগের হাতে মারা গেছেন ১ হাজার ৫২৬ জন। গুম হয়েছে সর্বমোট ৭৮১ জন।

পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই-কমিশনার শাহ ফয়সাল কাকর পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি রক্ষায় সেদেশের সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। তিনি ভারতের কাশ্মীর ইস্যুতেও বক্তব্য রাখেন।