রাজশাহীতে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৪

রাজশাহীর কাটাখালী এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই মহাসড়কের বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে পাপলু (৩২) ও কালুর ছেলে আব্দুল হাদি (৩০)।

নগরীর কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান জানান, নিহতরা মোটরসাইকেলে রাজশাহী থেকে নাটোরে যাচ্ছিলেন। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে একটি বাস ওভারটেক করার সময় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাপলু মারা যান। পরে পুলিশ হাদিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন: জবিতে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা

রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের কর্ব্যতরত চিকিৎসক সালেহ মাহমুদ রাজি বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে হাদির মৃত্যু হয়েছে।’

ওসি জিল্লুর রহমান আরও জানান, রামেক মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এএএম