শ্রীমঙ্গল জিলাদপুরের তিন গম্বুজ গায়েবি মসজিদ!

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

হযরত শাহজালাল (রহ) ও হযরত শাহপরান (রহ)-এর পুণ্যস্মৃতি বিজড়িত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিলাদপুর গ্রাম। এ গ্রামে অবস্থিত হাজার বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী তিন গম্বুজ বিশিষ্ট গায়েবি মসজিদ। এলাকাবাসীর দাবি, ১০০০ খ্রিষ্টাব্দে এই গ্রামে বিলাস নদীর তীরে বিশাল জায়গা জুড়ে এলাকাবাসী একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। যথারীতি মসজিদের জন্য জমি নির্ধারণ করে মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করা হয়। যে দিন মাপযোগ করে ঈশান দেওয়া হয় সে দিন আর কোনো কাজ করা হয়নি। পর দিন সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন মাপ অনুযায়ী অনিন্দ সুন্দর চুন-সুরকির একটি মসজিদ গায়েবিভাবে এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছে। সে সময় থেকেই স্থানীয় লোকজনের ধারণা রাতের মধ্যে জিনেরা এ মসজিদ তৈরি করে দিয়েছেন। এরপর থেকে আজও জিলাদপুর তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি গায়েবি মসজিদ নামে পুরো এলাকায় পরিচিত। মোগল স্থাপত্য রীতিতে তৈরিকৃত এ মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ। প্রায় তিন একর জমি নিয়ে বেষ্টিত এ মসজিদটিতে একসঙ্গে দেড় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রাচীন এ মসজিদটিতে দফায় দফায় সংস্কার কাজ করা হয়েছে। সংস্কার করা হয়েছে মসজিদটির শৌচাগার ও ওজুখানা।

লেখক :গণমাধ্যকর্মী